ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ৭ আগস্ট ২০২৪
ভোলায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিন উপজেলায় পূর্ব বিরোধের জেরে মো. মাহমুদউল্লাহ মিয়া নামে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া বাগেরহাটে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, চুয়াডাঙ্গায় জেলা কৃষক লীগ সভাপতিকে এবং সুনামগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে ফেনীতে যুবলীগ নেতা ও নীলফামারীতে শ্রমিক লীগ সদস্যদের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

ভোলা : তজুমদ্দিন উপজেলায় পূর্ব বিরোধের জেরে মো. মাহমুদউল্লাহ মিয়া (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদউল্লাহ উপজেলার চাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ওসি মো. আনোয়ারুল হক। তিনি জানান, ব্যক্তিগত বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্দুল হক নামে একজন আটক করা হয়েছে।

Advertisement

ফেনী : সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বাদশা মিয়া (৪০) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট)  সকালে ওই ইউনিয়নের আফতাব বিবি বাজারে একটি করাতকলের সামনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত বাদশা ওই ইউনিয়নের মধুয়াই গ্রামের বেপারীবাড়ির আবুল খায়েরের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তের হামলায় মল্লিক আফজল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার (৫ আগস্ট) রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পোস্ট অফিস মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত আফজল ওই এলাকার মল্লি আকমল মিয়ার ছেলে।

নীলফামারী :  নীলফামারীর ডিমলা উপজেলায় শ্রমিক লীগ সদস্য রফিকুল ইসলামের (৪৫) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে উপজেলা শহরের বাবুরহাট বকদুলঝুলা নামক স্থানে ওই মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। নিহত রফিকুল ইসলাম ডিমলা উপজেলা শ্রমিক লীগ সদস্য ছিলেন।

বাগেরহাট : বাগেরহাটে একদল দুর্বৃত্ত রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে মৃণাল কান্তি চ্যাটার্জি (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। এ সময় তার স্ত্রী ও মেয়েকেও কুপিয়ে আহত করা হয়। গত সোমবার রাত ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ির মালামাল লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

বাগেরহাট থানার ওসি মো. সাইদুর রহমান জানান, দুর্বৃত্তরা মৃণাল কান্তি চ্যাটার্জি নামে একজনকে হত্যা করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানা যায়নি।

চুয়াডাঙ্গা : জেলা কৃষক লীগ সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশনের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। তিনি মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

চুয়াডাঙ্গা সদর থানার  ওসি শেখ সেকেন্দার আলী জানান, অজ্ঞাত পরিচয় কয়েকজন গোলাম ফারুককে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!