ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাতালে পড়েছিল শিক্ষার্থীর চোখ উপড়ানো মরদেহ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ৮ আগস্ট ২০২৪
চাতালে পড়েছিল শিক্ষার্থীর চোখ উপড়ানো মরদেহ 
ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইসমাইল হোসেন নামে এক শিক্ষার্থীর ডান চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে পীরপুর হাট চাতাল থেকে তার মরদেহটি উদ্ধার করেন গ্রাম পুলিশের সদস্যরা। এর আগে, বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় নিখোঁজ হয়েছিল ওই শিক্ষার্থী। 

নিহত ইসমাইল হোসেন নাচোলের সদর ইউনিয়নের পীরপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে। সে পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

Advertisement

নিহতের বাবা মজিদুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় ইসমাইল। রাতে বাসায় না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান মেলেনি। ভোরে স্থানীয়রা মরদেহ দেখে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ছেলের পরিচয় শনাক্ত করি। পরে এলাকার গ্রাম পুলিশের মাধ্যমে থানায় পৌঁছানো হয়। এলাকার কিছু দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জেরে ছেলেকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।

নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সঙ্গে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে আইনের আওতায় আনতে হবে। এমন বাচ্চা ছেলেকে কেউ হত্যা করবে ভাবতেও পারিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের ন্যায্য বিচার দাবি করছি।

নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ সদস্যদের পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!