খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। নিহত ডিম ব্যবসায়ী মোমেন মিয়া (৩৫) শিবপুর থানার যোশর উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত ভাগ্নে অনিককে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। অনিক বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের আলী হোসেনের ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানান, মোমেন মিয়া তার বোনের বাড়ি পার্শ্ববর্তী বেলাব উপজেলার হোসেন নগর গ্রাম থেকে ভাগ্নে অনিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে শিবপুরের যোশর এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভিটি মরজালের শিমুলতলী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের দুই আরোহীকে কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী মোমেন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অনিককে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
নিহত মোমেন মিয়ার ছোট ভাই বাবু মিয়া অভিযোগ করে বলেন, যোশর উত্তরপাড়া এলাকার সবদর আলীর ছেলে সালাম ও হানিফার ছেলে শামীম একই এলাকার ডিম ব্যবসায়ী তার ভাই মোমেন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার কারণে তারাসহ একদল দুর্বৃত্ত তার ভাই মোমেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।
রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী আইনগত পদক্ষেপ নেয়া হবে। কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে তদন্তের পর বলা যাবে।