ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যমুনায় নিখোঁজের একদিন পর ভাই-বোনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ১২ সেপ্টেম্বর ২০২৪
যমুনায় নিখোঁজের একদিন পর ভাই-বোনের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

যমুনা নদীতে নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জের চৌহালী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

বৃহস্পতিবার সকালে উপজেলার খাষকাউলিয়াস্থ যমুনা নদীর তীররক্ষা বাঁধের রেস্কিবোর্ড এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ওসি শামসুল আলম।

মৃতরা হলো- চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হযরত আলী (৫) ও তার চাচাতো বোন জাহাঙ্গীর হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫)।

Advertisement

জানা যায়, বুধবার দুপুরে দাদা আব্দুর রহিম মোল্লার সঙ্গে যমুনা নদীর জোতপাড়া ঘাটে গোসল করতে আসে হযরত আলী ও খাদিজা খাতুন। গোসলের একপর্যায়ে বৃষ্টি নামলে দাদা দুই নাতি-নাতনিকে বাড়িতে যেতে বলেন। তারা দুজন নদী থেকে উঠে দাদার অগোচরে আবারো নদীতে নামে। একপর্যায়ে তারা দুজন নিখোঁজ হয়। বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার সকালে যমুনা নদীর জোতপাড়া তীররক্ষা বাঁধের রেস্কিবোর্ড এলাকা থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

ওসি শামসুল আলম জানান, উদ্ধারকৃত দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!