ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজ বাড়ি থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪
নিজ বাড়ি থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
নিহত গুলফার নাহার সেতারার বাড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার রূপসায় গুলফার নাহার সেতারা (৬৫) নামে এক বৃদ্ধার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নৈহাটি গ্রামের পশ্চিম পাড়া হালদার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, গুলফার নাহার সেতারা ওই বাড়িতে একা থাকতেন। তার একমাত্র ছেলে রায়হান চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। শুক্রবার সকালে তার বাড়ির কাজের মহিলা শাহিনুর বেগম এসে ডাকাডাকি করতে থাকেন। তবে গেটের দরজা খোলা ও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তার সন্দেহ হয়। পরে তিনি আশপাশের লোকজন ডেকে এনে ঘরে প্রবেশ করেন। পরে তারা দেখতে পান গুলফার নাহারের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে।

রূপসা থানার ওসি এনামুল হক জানান, গতকাল রাত ১০টার পর ওই মহিলা নিজ বাড়িতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সন্ত্রাসীরা ওই বাড়ির ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেতারাকে হাত-পা বেঁধে মাথায় আঘাত করেন। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে সেতারা নিহত হন। দুর্বৃত্তরা ঘরের রক্ষিত আলমারি খুলে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দামি মালামাল লুট করে নিয়ে যায়। তবে কত টাকা ও কি কি মালামাল নিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

তিনি আরো বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!