ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪
সীমান্তে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকার একটি মরিচ ক্ষেতের জালে আটকা পড়া অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে উপজেলার হাতিপাগার গ্রামের কৃষক সিরাজুল ইসলামের ক্ষেতে সাপটি পাওয়া যায়। পরে বন বিভাগকে খবর দিলে উদ্ধারকৃত অজগরটি তারা বনে অবমুক্ত করেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তঘেঁষা হাতিপাগার গ্রামের নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যান। এ সময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচের ক্ষেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখেন। পরে তারা কাছে গেলে সাপটি অজগর বলে চিনতে পারেন এবং স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেন।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান। পরে বন বিভাগের লোকজন এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান। এ সময় অজগরটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করেন। ধারণা করা হচ্ছে- নদীপথে পাহাড়ের গহীন থেকে অজগরটি ভেসে এসে নদীর ধারের ক্ষেতের জালে আটকা পড়েছিল।

Advertisement

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুটের উপরে এবং ওজন প্রায় ৯ কেজি হবে। সাপটি জাল কেটে মুক্ত করা হয়েছে। পরে সন্ধ্যায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগরটি মধুটিলা রেঞ্জের গভীর বনে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: অজগর শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!