ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্লাস চালুসহ ১৮ দফা দাবিতে নিটার শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২৪
ক্লাস চালুসহ ১৮ দফা দাবিতে নিটার শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ক্লাস চালুসহ ১৮ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে মহাসড়কে দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঐ পথের যাত্রীরা।

রোববার আশুলিয়ার কহিনুর গেট এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে যায়।

এর আগে, শনিবারও একই দাবিতে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা।

Advertisement

নিটার শিক্ষার্থীরা জানায়, বর্তমান পরিচালকের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয়, ক্ষমতা কেন্দ্রীভূতকরণ ও শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলায় নেতৃত্ব দেওয়ায় অভিযোগ থাকায় তার অপসারণ দাবি জানানো হয়। সেই সঙ্গে ২৭ দিন পার হলেও নিটার প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে উল্টো শিক্ষার্থীদের দোষী বানিয়ে হোস্টেল বন্ধসহ অপেশাদার আচরণ করছে।

এক শিক্ষার্থী বলেন, গত ২৮ দিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পড়াশোনা সম্পূর্ণ বন্ধ। আমাদের দাবি মেনে নেয়া হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা না করে ক্যাম্পাস বন্ধ রেখেছে। তাই অবিলম্বে নিটার পরিচালকের অপসারণ, হল খুলে দেওয়া, ক্লাস চালুসহ ১৮ দফা দাবি মানতে আমরা কর্মসূচি পালন করছি।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে যানজট সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয়। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!