ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১২ দফা দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০২৪
১২ দফা দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

হাজিরা বোনাস ও নাইট বিল বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে গাজীপুরের ভবানীপুরে অবস্থিত আর অ্যান্ড জি বিডি গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন।

রোববার দুপুরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, দুপুরে সদর উপজেলার ভবানীপুরে আর অ্যান্ড জি বিডি গার্মেন্টস কারখানার শ্রমিকরা কর্মবিরতি করে আন্দোলনে নামে। এ সময় তারা কারখানা ফটকের সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। পরে দাবি মানার আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, আর অ্যান্ড জি বিডি গার্মেন্টস কারখানার একজন কর্মকর্তার পদত্যাগ, হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। মালিক পক্ষের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে ওই কর্মকর্তা পদত্যাগ করেছেন। এ ছাড়া অন্যান্য দাবি মানার আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!