ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ২ অক্টোবর ২০২৪
নড়াইলে দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

নড়াইলে একটি মন্দিরে হামলা চালিয়ে দুর্গাসহ বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সদর উপজেলার মিরাপাড়া বাজারে সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা।

জানা গেছে, উপজেলার মিরাপাড়া বাজারে সার্বজনীন দুর্গা মন্দিরে মঙ্গলবার মহালয়ার রাতে পূজা উদযাপন কমিটির সদস্যরা মন্দিরে লাইট জ্বালিয়ে যে যার মতো চলে যান। পরে সকালে ভাস্কর্যরা প্রতিমায় রং তুলির কাজ করতে আসলে দেখেন প্রতিমা ভাঙচুর করা। পরে মন্দির কমিটির সদস্যদের জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন।

Advertisement

মিরাপাড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি প্রদীপ রায় বলেন, আমরা মন্দিরের কমিটির সদস্যরা রাতে লাইট জ্বালিয়ে সবাই সবার মতো চলে যাই। পরে সকালে ভাস্কর্যরা প্রতিমার কাজ করতে এসে দেখেন প্রতিমা ভাঙা। তবে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছেন।

পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বাবুলাল ভট্টাচার্য বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি দুঃখজনক। পূজার মাত্র আর কয়দিন বাকি আছে, এর মধ্যে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।

এ বিষয়ে সদর থানার ওসি সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!