ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিএসএফের গ্রেনেডের আঘাতে বাংলাদেশি আহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৮, ৬ অক্টোবর ২০২৪
বিএসএফের গ্রেনেডের আঘাতে বাংলাদেশি আহত
ফাইল ফটো

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গ্রেনেডে মিঠু হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার গভীর রাতে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত মিঠু হোসেন হিলি উপজেলার সীমান্তবর্তী ধরন্দা ফকির পাড়া গ্রামের ইস্কান্দার আলির ছেলে।

জানা গেছে, মিঠু হোসেন এবং একই গ্রামের সবুজ হোসেন শনিবার রাতে মাদক পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেন। এরপর ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশের প্রবেশের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোড়ে। এতে মিঠু গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা সবুজ হোসেন অক্ষত থাকেন। পরে সবুজ আহত মিঠুকে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাড়িতে আসেন। বিষয়টি ধামাচাপা দিতে মিঠুকে তার পরিবার রাতে একটি মাইক্রোবাসে করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। 

Advertisement

সীমান্ত এলাকার কয়েকজন জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সীমান্তে পর পর তিনবার বিকট শব্দ হয়। এতে আতঙ্ক দেখা দেয় এলাকাবাসীর মধ্যে। সকালে তারা ভারত সীমান্তের ভেতরে বিএসএফের গ্রেনেডে বাংলাদেশি আহতের খবর জানতে পারেন।

আহত মিঠুর স্ত্রী খাদিজা আক্তার রিক্তা বেগম জানান, এখানকার ডাক্তারকে দেখালে প্রশাসন জেনে যাবে তাই তাকে রাতে মাইক্রোবাসে করে রংপুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথার পেছনের অংশে মারাত্মক আহত হয়েছে। ডাক্তার বলেছে তাকে ঢাকায় পাঠাতে হবে। 

জয়পুরহাট ২০ বিজিবি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বিষয়টি শুনেছি। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!