বাজার সিন্ডিকেট ভাঙতে কেনা দামে বিক্রি হচ্ছে সবজি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে ও বাজারের সিন্ডিকেট ভাঙতে লক্ষ্মীপুরে কেনা দামে বিক্রি করা হচ্ছে শাকসবজি। ইউর ব্যাটম্যান হিসেবে সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা সাশ্রয়ী ও সুলভ মূল্যে এসব সবজি বিক্রি করছে।
রোববার সকালে শহরের পুরাতন আদালত সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, ছাত্র প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা।
.png)
জানা যায়, ইউর ব্যাটম্যানের আয়োজনে ও বিডি ক্লিনের সহযোগিতায় প্রান্তিক কৃষকের কাছ থেকে সবজি এনে সুলভ মূল্যে বিক্রি করছে ছাত্ররা। যেখানে পাওয়া যাচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, মরিচ, মুলা, বেগুন, পেঁপে, লালশাক, শসা, শসিন্দ, লতি, করলা, পুঁইশাকসহ অন্যান্য সবজি।
যেন বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সবজি কিনতে পারেন ক্রেতারা। নিয়মিত এমন কার্যক্রমের প্রত্যাশা ক্রেতাদের।
তারা বলেন, বাজারে যে লাউ ৮০-১০০ টাকায় বিক্রি হয়, সেটা এ সুলভ মূল্যের দোকানে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিও কম দামে পাওয়া যাচ্ছে। এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এটি যেন চলমান থাকে।
আয়োজকরা বলেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির মূলে রয়েছে সিন্ডিকেট। আমরা সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করে আনছি এবং বিনা লাভে ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি। আজ আমাদের কার্যক্রম শুরু হয়েছে, যা চলমান থাকবে।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বর্তমান অনিয়ন্ত্রিত বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসার পাশাপাশি বাজারের সিন্ডিকেট ভাঙার লক্ষে শিক্ষার্থীরা এমন আয়োজন করেছে। তাদের এমন কার্যক্রমে আমরা সহযোগিতা করছি। প্রান্তিক কৃষক থেকে এসব সবজি নিয়ে এসে কেনা দামে এবং সাশ্রয় মূল্যে বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছেন।