ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘গরু দুটি আমি চুরি করেছি, মাফ করে দিয়েন’

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২২ নভেম্বর ২০২৪
‘গরু দুটি আমি চুরি করেছি, মাফ করে দিয়েন’
আলী মোল্লা। ছবি: ডেইলি বাংলাদেশ

ঘুম থেকে উঠে সকালে গোয়াল ঘরে গিয়ে দরিদ্র কৃষক আলী মোল্লা দেখেন শূন্য গোয়াল ঘর। ঘরের দরজায় লেখা পেলেন ‘গরু দুটি আমি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলী মোল্লা (৬০) নামে এক দরিদ্র কৃষকের দুটি গাভী চুরি হয়েছে। বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভী দুটি চুরি হয়ে যাওয়ায় কৃষক আলী মোল্লা এখন পাগলপ্রায়। কেঁদে কেটে খেয়ে না খেয়ে আলী মোল্লার এখন দিন কাটছে।

গত সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। কৃষক আলী মোল্লা কুরপালা গ্রামের মৃত লাহু মোল্লার ছেলে।

Advertisement

আলী মোল্লা বলেন, সোমবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরে থাকা গাভী দুটি নেই। ঘরের দরজায় লেখা দেখি ‘আমি আপনার গাভী দুটি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’। আজ চারদিন ধরে আমি বিভিন্ন এলাকাসহ হাটবাজারে অনেক খোঁজাখুঁজি করেও গাভী দুটি পেলাম না।

তিনি আরো বলেন, এই গাভী দুটি ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এর মধ্যে একটি গাভী গর্ভবতী ছিল। আর কয়েকদিন পরই গাভীটি বাচ্চা দিতো। গাভী দুটি নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার। সবকিছু যেন শেষ হয়ে গেল।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকার চুরির প্রতিকার নিয়ে কথা বলেছি। বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশদের তৎপরতা বাড়ানোসহ রাতের বেলা থানাপুলিশের টহল জোরদার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!