ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরিচ্যুত বিজিবি সদস্যদের পুনর্বহালে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ২৭ নভেম্বর ২০২৪
চাকরিচ্যুত বিজিবি সদস্যদের পুনর্বহালে যশোরে মানববন্ধন
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

যশোরে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের চাকরিতে পুনর্বহালসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার সকালে যশোর শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাবের সামনে ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি’ পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের জেরে চাকরিচ্যুতরা এ কর্মসূচি পালন করেন। এতে নেতৃত্ব দেন যশোর জেলার বিডিআর কল্যাণ পরিষদের কেন্দ্রীয় ও জেলা সমন্বয়ক বিডিআর সদস্য ওহিদুল ইসলাম খান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি (পিলখানা) ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। এছাড়া যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক। পিলখানার হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করতে হবে।

Advertisement

তারা আরো বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এ কারণে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাকরিচ্যুত নিরাপরাধ বিজিবি সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার দাবি জানাচ্ছি। 

৫ দফা দাবি হলো-

১। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত গণহত্যায় যেসব চৌকস দেশপ্রেমিক সেনা অফিসার শহিদ হয়েছেন, তার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২। পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা।
৩। যেসব নিরপরাধ বিডিআর সদস্য জেলবন্দি আছেন তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া।
৪। সব চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব প্রকার সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা।
৫। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি শহিদ সেনা হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিডিআর কল্যাণ পরিষদের ঝিকরগাছা উপজেলা সমন্বয়ক সুবেদার আব্দুস সামাদ, অভয়নগর উপজেলা সমন্বয়ক হাবিলদার আব্দুল লতিফ, বাঘারপাড়া উপজেলা সমন্বয়ক জাহিদ হোসেন, সদর উপজেলা সমন্বয়ক কামরুজ্জামান, চৌগাছা উপজেলা সমন্বয়ক রাজু আহমেদ, বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা সামির হোসেন, সুবেদার হুমায়ুন কবির প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!