ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেকে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯, ৮ ডিসেম্বর ২০২৪
ডেকে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
ফাইল ফটো

গাজীপুরের টঙ্গী উপজেলায় পোশাক কারখানায় ভালো চাকরি দেওয়ার কথা বলে এক নারীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শেরপুর থানার উলিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহিনুর আলম (৩১), জামালপুর সদরের জামিরা গ্রামের আশরাফ আলীর ছেলে নাজমুল ইসলাম (২৩) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শান্তা আক্তার (৩৫)। এরমধ্যে শাহিনুর ও নাজমুল মহানগরীর গাছা থানা এলাকায় এবং শান্তা টঙ্গীর দত্তপাড়ায় বসবাস করে।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ।

Advertisement

ভুক্তভোগীর মামলার বরাত দিয়ে ওসি বলেন, ভুক্তভোগী বাসন থানা এলাকায় বসবাস করেন। প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহিনুরের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে যোগাযোগ চলছিল। এরমধ্যে পোশাক কারখানায় চাকরি নিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে দেখা করতে বলেন শাহিনুর। গত ১২ নভেম্বর বিকেলে শাহিনুর ও নাজমুলের সঙ্গে দেখা করে। পরে টঙ্গীতে শান্তার ভাড়া বাসায় ধর্ষণ করা হয়।

ওসি কায়সার বলেন, মামলার পর তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!