ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল হৃদয়ের

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ৮ ডিসেম্বর ২০২৪
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল হৃদয়ের
ছবিতে রয়েল ওরফে হৃদয়

সুনামগঞ্জের ধর্মপাশায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রয়েল ওরফে হৃদয় নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই কিশোর। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে হিফজুল কুরআন আশরাফি মাদরাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিলের মেলার অস্থায়ী দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত রয়েল ওরফে হৃদয় বনগাবী গ্রামের আক্কাস মিয়ার দ্বিতীয় ছেলে। আহতরা হলেন- নিজগাবী গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাবু আহমদ ও মজিবুর রহমানের ছেলে অন্তর আহমদ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক।

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে গাবী হিফজুল কুরআন আশরাফি মাদরাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিলের মেলায় বসা অস্থায়ী দোকানের সামনে হৃদয়, বাবু ও অন্তরকে ছুরিকাঘাত করেন কিশোর গ্যাংয়ের এক সদস্য। এতে গুরুতর আহত হন তারা। দ্রুত তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হৃদয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য আহত বাবু আহমদ ও অন্তর আহমদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, কী নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!