ভালুকায় শ্রমিক ছাঁটাই ও বিভিন্ন সমস্যা সমাধানকল্পে সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের ভালুকা উপজেলাধীন ভরাডোবা এলাকায় অবস্থিত তাফরিদ কটন মিলস লিমিটেড বন্ধ, শ্রমিক ছাঁটাই ও বিভিন্ন সমস্যা সমাধানকল্পে একটি ত্রিপক্ষীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইন্ড্রাস্টিয়াল পুলিশ-৫ ময়মনসিংহের উদ্যোগে ইন্ড্রাস্টিয়াল পুলিশের সভাকক্ষে এই ত্রিপক্ষীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইন্ড্রাস্টিয়াল পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মাহমুদ।
এছাড়া ভালুকার ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সেনাবাহিনী প্রতিনিধি মেজর এমাজ উদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর ময়মনসিংহের ডিআইজি আহমাদ মাসুদ, তাফরিদ কটন মিলস লিমিটেডের মালিক সামিউল ইসলামসহ শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয়:
১। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত ওই ফ্যাক্টরির উৎপাদন কাজ বন্ধ থাকবে। এ সময় শ্রমিকরা স্ব-বেতনে সাধারণ ছুটি ভোগ করবেন।
২। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত স্ব-বেতনে সাধারণ ছুটিকালীন সময়ে কোনো শ্রমিক ফ্যাক্টরির ডরমেটরিতে অবস্থান করতে পারবেন না।
৩। বিগত ৬ মাস চাকরির অবসান হয়েছে, এমন শ্রমিকদের তালিকা, মজুরি ও চূড়ান্ত পাওনাদি পরিশোধের দলিলাদি কলকারখানা অধিদফতর, শিল্পপুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরসমূহে কারখানা কর্তৃপক্ষ কর্তৃক আবশ্যিকভাবে দাখিল করতে হবে।
৪। কারখানা বন্ধ, উৎপাদন কর্ম পরিচালনা, শ্রমিক-কর্মচারী নিয়োগ ও চাকরির অবসান, শ্রমিক-কর্মচারীর বদলির ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশ শ্রমআইন-২০০৬ মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবে।