ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
মাটিতে নাকে খত 

চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ২৪ ডিসেম্বর ২০২৪
চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন 
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে রহমত উল্লাহ নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করেছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। সোমবার দুপুর থেকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় ওঠে। 

নির্যাতনের পর ওই যুবককে নাকে খত দিয়ে ছেড়ে দেয় তারা। এর আগে, গত রোববার দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে কাজীর দিঘীরপাড় বাজারে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী রহমত উল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আহমদ উল্লাহর ছেলে বলে জানা গেছে। 

Advertisement

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রহমত উল্লাহকে পেছন দিক থেকে সাইনবোর্ডের একটি খুঁটিতে হাত-পা এক রশিতে বেঁধে রাখা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন লাঠি দিয়ে ওই যুবককে পিটাতে দেখা যায়। এ সময় উত্তেজিত কয়েকজনের হাতে লাঠি দেখা যায়। এক পর্যায়ে সুমন হোসেন নামে একজন এসে রহমত উল্যাহকে ১০ ফুট নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলে। খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলেই তাকে ছেড়ে দেওয়া হবে। নাকে খত দেওয়া অবস্থায় পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায় কয়েকজন যুবককে। 

কাজিরদিঘীর পাড় বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, রোববার দুপুরে ওয়াদুদ হোসেন নামে বাজারের একজন মুদি দোকানদারের ক্যাশ বাক্স থেকে টাকা চুরির চেষ্টা করে রহমত। এ সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে মারধর করে। পরবর্তীতে অভিযুক্তকে উদ্ধার করে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, চুরি করলে মামলা হবে, তার বিচার হবে। কিন্তু জনসম্মুখে এভাবে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, আবার নাকে খত দেওয়া কোনোভাবে মেনে নেয়া হবে না। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। আসলে কী কারণে এই ঘটনাটি ঘটেছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!