শিবচরে দুর্ধর্ষ ডাকাতি, নাইটগার্ডকে মারধর
মাদারীপুরের শিবচরে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয়কেন্দ্রে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার আনুমানিক রাত ৩টার দিকে সংঘটিত এই ডাকাতির ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ সময় বিক্রয়কেন্দ্রের নাইটগার্ড মো. দাদন মিয়া (৫০) ডাকাতদের আক্রমণের শিকার হন। ডাকাতরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় গাড়িতে উঠিয়ে নিয়ে যায় এবং মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে ও সিসিটিভি পর্যালোচনা করা জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিক শিবচর পৌরসভার হাতিরবাগান মাঠ সংলগ্ন মূল সড়কের বিআরবি ক্যাবল বিক্রয়কেন্দ্রে ডাকাতদল হানা দেয়। ডাকাতরা নৈশপ্রহরী দাদন মিয়াকে মারধর করে গাড়িতে তুলে নেয়। পরে কলাপসিবল গেট কেটে বিক্রয়কেন্দ্রে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ৪০ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে চলে যায়। ডাকাতির এই ঘটনায় শিবচর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণ রঞ্জন দাস (৫০) জানিয়েছেন, এই ডাকাতির ঘটনায় তাদের প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।