ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে অপহরণ, খবর শুনে হৃদরোগে বাবার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ৭ জানুয়ারি ২০২৫
মেয়েকে অপহরণ, খবর শুনে হৃদরোগে বাবার মৃত্যু
প্রতীকী

মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে (১৭) অপহরণের পর ধর্ষণের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগের পর দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত দুজন হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।

তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীকে প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় অপহরণকারীরা। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তরুণীকে ৩ দিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী গাড়ি থেকে কৌশলে পালিয়ে একটি স্থানে আশ্রয় নেয়। খবর দিলে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

Advertisement

এদিকে, মেয়েকে অপহরণের কথা শুনে ঘটনার একদিন পর ১ জানুয়ারি রাত ৯টায় বাবা মফিজ মিয়া (ছদ্মনাম) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

নির্যাতিত তরুণীর মামা বলেন, ‌মেয়েকে অপহরণের কথা শুনে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই পরিবারটি এমন দুটি ঘটনায় এলোমেলো হয়ে গেছে। আমরা সঠিক বিচার দাবি করছি।

তরুণীর ভাই বলেন, আমরা কেন মামলা করলাম; এজন্য গতকাল রাতেও আমাদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। আমার বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে বিক্রি করতে চেয়েছিলে। বোনের অপহরণের কথা শুনে বাবা হৃদরোগে মারা যান।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!