ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ৪ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে প্রায় অর্ধশত আহত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউপির শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উপজেলার শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। পূর্বের সেই ঘটনার জেরে বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের আরস মিয়ার লোকজনের ওপর হামলা চালায়।

এ খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পাওনা টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্বে মঙ্গলবার রাতে আরস মিয়ার লোকজন নূরধন মিয়াকে মারধর করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ রাতে পরিস্থিতি শান্ত করে। তবে বুধবার সকালে পুনরায় তারা সংঘর্ষে জড়ায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!