ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২, ১৪ মার্চ ২০২৬
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু
ফাইল ফটো

কুমিল্লায় গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই বিল্লাল হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) ইফতারের আগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের রায়চর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বিল্লাল হোসেন ভূঁইয়া (৪৮) ওই গ্রামের আবদুল মালেক ভূঁইয়ার ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই আনিসুর রহমান ভূঁইয়া এলাকা থেকে পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্ত ব্যক্তিকে ধরার চেষ্টা করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাসের চুলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই আনিসুর রহমান ভূঁইয়া বড় ভাই বিল্লালকে ছুরিকাঘাত করেন। বড় ভাইয়ের মৃত্যুর পর গ্রাম ছেড়ে আনিসুর দ্রুত পালিয়ে যান।

এদিকে বিল্লালের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রাতে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পুলিশি হেফাজতে নেয়া হয়।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ভাইকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বের কারণে ছোট ভাই ছুরিকাঘাত করে তার আপন ভাইকে হত্যা করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!