ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাড়ি ফিরে গেল কুকুরের কামড়ে আহত শিশু

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনধি
প্রকাশিত: ২২:০১, ১৫ মার্চ ২০২৬
হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাড়ি ফিরে গেল কুকুরের কামড়ে আহত শিশু
ফাইল ফটো।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কুকুরের কামড়ে নাহিদ হাসান (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তবে ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও ভ্যাকসিন না থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়েই ফিরতে হয়েছে ভুক্তভোগী পরিবারটিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত নাহিদ হাসান স্থানীয় নূর উদ্দিনের ছেলে।

জানা যায়, সকালে গোসল শেষ করে বাড়ির উঠানে রোদ পোহাচ্ছিল নাহিদ। এ সময় হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরের কামড়ে শিশুটির ঘাড়, মুখ ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Advertisement

আহত শিশুর বাবা নূর উদ্দিন আক্ষেপ করে বলেন, হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা শুধু প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। জলাতঙ্ক প্রতিষেধক (ভ্যাকসিন) চাইলে তারা জানান, হাসপাতালে দীর্ঘ দিন ধরে কোনো সরবরাহ নেই। বাধ্য হয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি এই হাসপাতালে ভ্যাকসিনের সংকট চললেও তা নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেই। ফলে দরিদ্র রোগীদের চড়া দামে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে, যা অনেকের সামর্থ্যের বাইরে।

ভ্যাকসিন সংকটের বিষয়টি স্বীকার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন: ​আহত শিশুটিকে আমরা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে গত এক বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে সরকারিভাবে ভ্যাকসিনের সরবরাহ নেই। আমরা বারবার সংশ্লিষ্ট দফতরে চাহিদাপত্র পাঠিয়েছি, কিন্তু এখনো বরাদ্দ পাওয়া যায়নি। 

এলাকাবাসীর দাবি, পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব কমানোর পাশাপাশি দ্রুততম সময়ে হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!