দিনাজপুরে কানায় কানায় পূর্ণ প্রধানমন্ত্রীর জনসভাস্থল
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্দেশ্যে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করতে দিনাজপুরের কাহারোলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে পাশে এক জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে জনসভাস্থল সকাল থেকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে ভিড় করছেন।
.png)
সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান বলরামপুর সাহপাড়ায় খাল খনন কার্যক্রম উদ্বোধন শেষে দুঃস্থ-অসহায়দের মাঝে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করবেন। পরে সাহাপাড়া খাল খনন কার্যক্রমের অনুষ্ঠান স্থলে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
দুপুর আড়াইটায় দিনাজপুর শহরের শেখ ফরিদপুর গোরস্তানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার, খালা খুরশীদ জাহান হক (চকলেট) ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।
বিকেল ৫টায় দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এসএসএফসহ স্থানীয় প্রশাসন।