শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা গেছে, ভোরে ভারতীয় শ্রী রামপুর এলাকার দিক থেকে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী তাদের বাধা দিলে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে। এতে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। শেষ পর্যন্ত পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই নারীরা ভারতীয় সীমান্তেই ফিরে যায়।
স্থানীয়রা জানান, ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে তারা ঘুম থেকে উঠে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন ৯ নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। পরে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন।
স্থানীয় কাটলা ইউপি সদস্য শুকুর আলী বলেন, শনিবার ভোরে বিএসএফ ৯ নারীকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে তারা ফিরে যেতে বাধ্য হয়। পরে সীমান্তে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ায় কিছুটা উত্তেজনা তৈরি হয়।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বলেন, ভারত থেকে অবৈধভাবে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যরা তা প্রতিহত করে তাদের ভারতীয় সীমান্তে ফেরত পাঠিয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।