শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী জানান, শনিবার দুপুরে টুঙ্গিপাড়া শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তোরণটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই রাতে তোরণটিতে আগুন দেওয়া হয়।
.png)
স্থানীয়দের ভাষ্য, রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তোরণটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তোরণের একটি অংশ পুড়ে যায়। বিশেষ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও নাম-পরিচয়সংবলিত অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েন মুন্সী বলেন, ‘শনিবার দুপুরে তোরণটি নির্মাণের পর আমরা গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটি অনুষ্ঠানে যাই। পরে খবর পাই, রাত ১২টার দিকে কে বা কারা তোরণটিতে আগুন ধরিয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘যারা এ কাজ করেছে, তারা জুলাই যোদ্ধাদের অপমান করেছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।