শনিবার (১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণটি নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে রাত আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
.png)
আগুনে তোরণের একটি অংশ পুড়ে যায়। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও নামসংবলিত অংশ ক্ষতিগ্রস্ত হয়।
টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, তোরণ নির্মাণের পর তারা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে কোটালীপাড়ার একটি অনুষ্ঠানে ছিলেন। পরে রাতে খবর পান, কে বা কারা তোরণটিতে আগুন দিয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।