কক্সবাজারে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার সকালে কক্সবাজার শহরের বাসটার্মিনাল চত্বরে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল ১০টায় স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।
পর্যায়ক্রমে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
.png)
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি শিশুদের জন্য জেলার বিনোদনকেন্দ্রগুলোতে বিনা টিকিটে প্রবেশের সুযোগ রাখা হয়। শিক্ষার্থীদের জন্য চলচ্চিত্র ও জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র বিনা মূল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
এ ছাড়া সরকারি হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়।
শুধু জেলা সদরেই নয়, কক্সবাজারের প্রতিটি উপজেলাতেও উপজেলা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন স্মরণমূলক কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।