শিক্ষকদের পরিশ্রমেই জাতির মেরুদণ্ড সোজা হবে: এমপি জাহান্দার
শিক্ষকদের প্রচেষ্টা ও পরিশ্রমের ওপরই জাতির মেরুদণ্ড সোজা হবে, নাকি বাঁকা হবে—তা নির্ভর করে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে ছুটলে হবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার দুপুরে রাজৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
.png)
সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে রাজৈর উপজেলার ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে কার্যকর সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী ও রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন আহমেদ।