জামালপুর সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় ভোর ৪টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একেএম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের অধীন ইসলামপুরের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।
.png)
জানা গেছে, ছামিউল হক প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন। পথে লাহিড়ীকান্দা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে পেছন থেকে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক নিহত হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়। তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত প্রাইভেটকারের চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।