স্থানীয়রা জানান, বিকেলে কুমারশীল মোড় এলাকায় হাসপাতালের পেছনে দুটি গরু ঘাস খাচ্ছিল। এ সময় একটি গরু পাশের ডোবায় পড়ে আটকে যায়। প্রথমে স্থানীয় কয়েকজন গরুটিকে উদ্ধারের চেষ্টা করেন। পরে নামাজ শেষে ফেরার পথে কয়েকজন মুসল্লি বিষয়টি দেখতে পান। তাঁদের চেষ্টাতেও গরুটিকে উদ্ধার করা সম্ভব না হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গরুটিকে ডোবা থেকে নিরাপদে উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে গরুর মালিককে পাওয়া না যাওয়ায় স্থানীয়দের কাছে গরুটিকে বুঝিয়ে দেওয়া হয়।
.png)
স্থানীয় বাসিন্দা চৌহান রিক্তা জানান, তাঁর স্কুলপড়ুয়া ছেলে জানালা দিয়ে গরুটিকে ডোবায় আটকে থাকতে দেখে। প্রথমে তাঁরা ভেবেছিলেন, গরুটি নিজেই উঠে আসতে পারবে। কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও গরুটি উঠতে না পারায় তাঁর ছেলে চিৎকার করে স্থানীয় মুসল্লিদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা জড়ো হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ডোবা থেকে গরুটিকে উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গরুর মালিককে পাওয়া যায়নি।