ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার জাপানপ্রবাসী জুনায়েদ খদ্দরে পেলেন ‘আস্ত খাসি’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ১৯ আগস্ট ২০২৬
এবার জাপানপ্রবাসী জুনায়েদ খদ্দরে পেলেন ‘আস্ত খাসি’
ছবি: ডেইলি বাংলাদেশ

বিয়ের অনুষ্ঠানে বরের বিশেষ খাবার ‘খদ্দরে’ খাসি না থাকায় বিয়ে না করেই ফিরে গিয়ে আলোচনায় আসা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া এবার বিয়ে করেছেন। নতুন বিয়েতে বরের পাতে ছিল ‘আস্ত খাসি’।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের জাহের মিয়ার মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন জুনায়েদ। বিয়ের পর তিনি বিষয়টি নিশ্চিত করে সবার কাছে নিজের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া চেয়েছেন।

জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন।

Advertisement

এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকেলে আখাউড়ার একই ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে গিয়ে খদ্দরে খাসি না থাকায় বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে যান তিনি। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

কনেপক্ষের অভিযোগ, বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হলেও তাতে খাসি ছিল না। এতে আপত্তি জানান জুনায়েদ। খাসি ছাড়া তিনি খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবেন না বলে জানান। উপস্থিত স্বজন ও স্থানীয়রা তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি সিদ্ধান্তে অনড় থাকেন। একপর্যায়ে বিয়ে না করেই কনের বাড়ি থেকে চলে যান।

এর একদিন পরই সামনে আসে জুনায়েদের নতুন বিয়ের খবর। এবার আগের কনের পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়েছে। নতুন বিয়েতে খদ্দরে খাসি পরিবেশনের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আগের ‘খাসি-কাণ্ডের’ পর নতুন বিয়েতে খাসির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। কেউ বিষয়টি নিয়ে রসিকতা করছেন, আবার কেউ বলছেন, শেষ পর্যন্ত ‘খাসি’ দিয়েই ভাইরাল সেই প্রবাসীর বিয়ে সম্পন্ন হলো।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!