পটুয়াখালীর দুমকীতে একটি মসজিদের ভেতরের কক্ষ থেকে মো. সাইম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
.png)
নিহত মো. সাইম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ছোট জামুরা এলাকার মৃত জব্বার মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক মুসল্লি মসজিদের দরজা খোলা দেখতে পান। পরে তিনি ভেতরে গিয়ে ইমাম ও মুয়াজ্জিনদের থাকার জন্য নির্ধারিত কক্ষে প্রবেশ করেন।
সেখানে খাটের ওপর সাইমকে পড়ে থাকতে দেখে তিনি স্থানীয়দের খবর দেন। পরে ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মসজিদের ওই কক্ষের ফ্যানের হুকের সঙ্গে একটি দড়ি লাগানো অবস্থায় পাওয়া গেছে। পাশাপাশি সাইমের গলায় দাগও দেখা গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
তিনি বলেন, সাইমের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।