ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোগী সেজে হাসপাতালে চুরি, এক্স-রেতে পেটে মিলল ২ সোনার চেইন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ১ সেপ্টেম্বর ২০২৬
রোগী সেজে হাসপাতালে চুরি, এক্স-রেতে পেটে মিলল ২ সোনার চেইন
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) এক রোগীর স্বজনের গলা থেকে দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে তার শরীর তল্লাশি করে চুরি যাওয়া চেইন দুটি পাওয়া না গেলেও এক্সরে পরীক্ষায় তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব শনাক্ত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসকের কাছে দেখানোর সময় এ ঘটনা ঘটে। আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন বিবি ফাতেমা নামে এক নারী। আউটডোরে চিকিৎসকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন নারী তাকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে কৌশলে তার গলা থেকে দুটি সোনার চেইন খুলে নেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

ঘটনার পর ওই চক্রের কয়েকজন সদস্য দ্রুত সরে পড়লেও সন্দেহ হওয়ায় রোগীর স্বজনরা সিনারা বেগমকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করেও চুরি যাওয়া চেইন দুটি পাওয়া যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে। পরে তাকে সুধারাম মডেল থানায় নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চেইন দুটি গিলে ফেলার কথা স্বীকার করেন বলে জানান।

তিনি আরও বলেন, পরে এক্স-রে পরীক্ষা করা হলে ওই নারীর পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব শনাক্ত হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তার পেট থেকে চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!