ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, হাতেনাতে আটক ক্যান্টিন বয়

দুই পুলিশ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, হাতেনাতে আটক ক্যান্টিন বয়
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

সোমবার (৩১ আগস্ট) সকালে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠিয়েছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

Advertisement

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে ভ্রমণ করছিলেন। একপর্যায়ে চলন্ত ট্রেনের ক্যান্টিনে তাকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। এ সময় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন সেখানে ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের কয়েকজন যাত্রী ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে তারা ওই নারীকে উদ্ধার করেন এবং আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার পর মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় গিয়ে আবু বক্কর সিদ্দিক, ওই ট্রেনে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগী তাঁর অভিযোগে ঘটনার সঙ্গে দুই পুলিশ সদস্যের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের বিষয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!