মাঈন উদ্দিন বিদ্যাকুট ইউনিয়নের বাসিন্দা। স্বল্প পরিসরে লাউ, করলা, শিম, বেগুন ও মরিচসহ বিভিন্ন সবজি চাষ করে সংসারের ব্যয় মেটাচ্ছেন তিনি। চলতি মৌসুমে নবীনগর উপজেলা কৃষি কার্যালয়ের পরামর্শ এবং বি-স্ট্রং প্রকল্পের আওতায় প্রথমবারের মতো উন্নত জাতের বীজ ব্যবহার করে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেন। প্রথমবারেই ভালো ফলন পাওয়ায় তাঁর মধ্যে তৈরি হয়েছে নতুন উৎসাহ।
মাঈন উদ্দিন বলেন, ‘আমার বাবা কৃষিকাজ করতেন। ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে মাঠে যেতাম। তখন থেকেই কৃষির প্রতি ভালো লাগা তৈরি হয়। শুরুতে বিভিন্ন সবজি চাষ করেছি। এবার কৃষি কার্যালয়ের পরামর্শে প্রথমবার মালচিং পদ্ধতিতে পার্পল কিং জাতের বেগুন চাষ করি। আগে এভাবে চাষ করিনি। মালচিং দেওয়ার পর জমিতে আগাছা কম হয়েছে, মাটিতে আর্দ্রতাও ভালো থাকছে। গাছের বৃদ্ধি ও ফলনও ভালো হয়েছে।’
.png)
তিনি জানান, বর্তমানে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৪৫ কেজি বেগুন তুলছেন। প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে দাম ভালো থাকলে কোনো কোনো দিন ১২০ টাকা কেজি দরেও বিক্রি করা যাচ্ছে। জমিতে থাকা বেগুন থেকে আরও প্রায় দুই মাস নিয়মিত ফলন পাওয়ার আশা করছেন তিনি।
বিদ্যাকুট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সফুরুল্লাহ বলেন, ‘মাঈন উদ্দিন প্রথমবার মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করে ভালো ফলন পেয়েছেন। তাঁর জমি নিয়মিত পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকের উৎপাদন ও আয় বাড়ানো সম্ভব। আশা করছি, মৌসুম শেষে তিনি তিন লাখ টাকার বেশি লাভ করতে পারবেন।’
নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, বি-স্ট্রং প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। মাঈন উদ্দিন মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করে ভালো ফলন ও বাজারমূল্য পেয়েছেন। তাঁর সাফল্য দেখে চলতি মৌসুমে প্রায় চার বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষের পরিকল্পনা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সেলুনের ব্যবসা ছেড়ে কৃষিকে পেশা হিসেবে বেছে নেওয়া মাঈন উদ্দিনের সাফল্য এলাকার অন্য কৃষকদেরও আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উৎসাহিত করছে। কৃষি বিভাগ আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে নিয়মিত প্রদর্শনী, প্রশিক্ষণ ও মাঠ দিবসের আয়োজন করছে।’
মাঈন উদ্দিনের মতো কৃষকদের হাত ধরে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষিকাজে লাভের সম্ভাবনাও তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।