নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে মুসলিম নগর এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ৯৯৯ সূত্র জানায়, বুধবার বিকালে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তাহসিনুল কোরআন মাদরাসার এক শিক্ষক ১৭ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকার করেছেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক রেখে মারধর করেন বলেও জানানো হয়। পরে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি ফতুল্লা থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়।
.png)
অভিযোগ সূত্রে জানা গেছে, হাফেজি সম্পন্ন করা ওই ছাত্র কোরআন আরও ভালোভাবে মুখস্থ করার উদ্দেশ্যে প্রায় এক বছর আগে তাহসিনুল কোরআন মাদরাসায় ভর্তি হয়। অভিযোগ রয়েছে, গত এক বছর ধরে অভিযুক্ত শিক্ষক ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করে আসছিলেন।
সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে অভিযুক্ত শিক্ষক আবারও ছাত্রটির ওপর নির্যাতন চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মাদরাসা ঘেরাও করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ফতুল্লা থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেছেন।