ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উচ্ছেদের প্রতিবাদে মহাসড়কে হাজারো বস্তিবাসী, টঙ্গীতে তীব্র যানজট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্ছেদের প্রতিবাদে মহাসড়কে হাজারো বস্তিবাসী, টঙ্গীতে তীব্র যানজট
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো বস্তিবাসী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ায় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

সকাল থেকে বস্তিবাসীরা টঙ্গী বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্টেশন রোড প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে শেষ হয়। সেখানে সড়কে অবস্থান নিয়ে উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, কয়েকজন মাদক ব্যবসায়ীর কর্মকাণ্ডের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই তাঁদের উচ্ছেদ করা হয়েছে। এতে হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাদের দাবি, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান স্থানে বসবাসের সুযোগ দিতে হবে। এরপর বিকল্প আবাসনের ব্যবস্থা করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে হবে।

Advertisement

আন্দোলনকারীরা বলেন, বস্তিতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনকে সহযোগিতা করতে তারা প্রস্তুত। তবে কয়েকজনের অপরাধের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া এবং পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা তারা মেনে নেবেন না।

তাদের ভাষ্য, বস্তিতে বসবাসকারী অধিকাংশ মানুষ দিনমজুরি, পোশাক কারখানাসহ বিভিন্ন পেশায় যুক্ত। হঠাৎ উচ্ছেদ হওয়ায় পরিবার নিয়ে কোথায় থাকবেন, কীভাবে জীবনযাপন করবেন—এ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘অবরোধের কারণে কয়েক মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!