ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উইপোকার দাপটে সার্কিট হাউজ ছাড়লেন তাহের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ৫ সেপ্টেম্বর ২০২৬
উইপোকার দাপটে সার্কিট হাউজ ছাড়লেন তাহের
ছবি: সংগৃহীত

কুমিল্লা সার্কিট হাউজের বরাদ্দ করা কক্ষে উইপোকার দাপট দেখে ক্ষুব্ধ হয়ে সেখানে রাত কাটাননি জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে তিনি সার্কিট হাউজ ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করেন।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. মাহবুবর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউজে যান ডা. তাহের। তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউজের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ দেওয়া হয়।

জামায়াত নেতাদের অভিযোগ, রাত ১০টার দিকে কক্ষে বিশ্রাম নিতে গিয়ে তিনি আসবাবপত্র ও কম্বলের ওপর এবং কক্ষের বিভিন্ন স্থানে প্রচুর উইপোকা দেখতে পান। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে জানিয়ে কক্ষ পরিবর্তনের পাশাপাশি একটি কম্বল চান। তবে তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষের ব্যবস্থা করা হয়নি।

পরে কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় সার্কিট হাউজ ত্যাগ করে অন্যত্র রাত কাটানোর সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা।

এদিকে সার্কিট হাউজের ওই কক্ষের দাবি করে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে কক্ষের বিভিন্ন স্থানে উইপোকার উপস্থিতি দেখা যায়।

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, কুমিল্লা সার্কিট হাউজ একটি আধুনিক ও সুসজ্জিত সরকারি ভবন। এটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি জনবলও রয়েছে। কিন্তু ভিআইপি অতিথিদের আবাসনের ক্ষেত্রে ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। ডা. তাহেরের জন্য বরাদ্দ কক্ষে উইপোকার ব্যাপক উপস্থিতি ছিল। সংশ্লিষ্টদের জানানো হলেও সময়মতো বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়ায় তিনি সার্কিট হাউজ ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করেন।

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কক্ষ বরাদ্দের ক্ষেত্রে ভুল হয়েছিল। কুমিল্লা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আব্দুল্লাহ আল নূর আশেক জানান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য ২০১ নম্বর কক্ষ প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সার্কিট নাজির তাকে না জানিয়েই ২০২ নম্বর কক্ষ বরাদ্দ দেন।

তিনি বলেন, ২০২ নম্বর কক্ষে উইপোকার বিষয়টি জানার পর ২০১ নম্বর কক্ষ দেওয়ার জন্য পুনরায় নির্দেশনা দেওয়া হয়। তবে সংশ্লিষ্টরা নির্দেশনা বাস্তবায়নে দেরি করায় ডা. তাহের সার্কিট হাউজ ছেড়ে চলে যান।

দায়িত্বে অবহেলার অভিযোগে সার্কিট নাজিরসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান এনডিসি। আগামীকাল রোববারের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!