ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ৫ সেপ্টেম্বর ২০২৬
ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি নাগরিক। কলকাতার দমদম সেন্ট্রাল কারেকশনাল হোম থেকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মো. ওমর ফারুক আকন্দের স্বাক্ষরিত রিপ্যাট্রিয়েশন (প্রত্যাবাসন) তালিকা অনুযায়ী, গত ২৪ আগস্ট তাঁদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে আজ বেনাপোল চেকপোস্ট দিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন নড়াইল জেলার শহিদ মল্লিকের মেয়ে মুক্তা খানম (৩৪), একই জেলার ইমরান শিকদারের মেয়ে খাদিজা বেগম (৩৬) ও তাঁর মেয়ে আয়েশা খাতুন (৮), শহিদ মল্লিকের মেয়ে জাহানারা বেগম (৩৯) ও তাঁর মেয়ে রুকসানা খাতুন (৫), বরিশালের খগেন্দ্রনাথ মণ্ডলের ছেলে তপন মণ্ডল (২৯), রাজবাড়ীর নিজাম মোল্লার ছেলে আশিক মোল্লা (২৮), খুলনার সন্তোষ সরকারের ছেলে তন্ময় সরকার (২৩) এবং একই জেলার বিধান চন্দ্র বাচ্চুর ছেলে রামকৃষ্ণ বাচ্চু (২০)।

Advertisement

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস খান বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে এসব বাংলাদেশি বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন। পরে অবৈধভাবে ভারতে অবস্থানের কারণে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তাঁরা। আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

ফেরত আসা ব্যক্তিদের কয়েকজন জানান, ভালো কাজ ও বেশি বেতনের আশ্বাসে তাঁরা দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রত্যাশা অনুযায়ী কাজ না পাওয়ায় নানা সমস্যায় পড়েন। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যেতে হয়। দীর্ঘদিন পর দেশে ফিরতে পেরে তাঁরা স্বস্তি প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা বলছেন, কাজের প্রলোভনে অবৈধ পথে ভারতে যাওয়ার প্রবণতা বন্ধে সীমান্তবর্তী এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!