ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক আড্ডা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ৬ সেপ্টেম্বর ২০২৬
রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক আড্ডা
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ব্রিজিং বর্ডার্স: বাংলাদেশ ও রাশিয়ার পারমাণবিক শক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সাংস্কৃতিক চা আড্ডা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঈশ্বরদীর পারমাণবিক তথ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাশিয়া থেকে আগত ২০ জন শিক্ষার্থী এবং পাবিপ্রবির বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আশিক হায়দার ও মো. আহসান হাবিব।

রোববার (৬ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সঞ্চালকেরা অতিথিদের পরিচয় করিয়ে দেন এবং আয়োজনের উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং জেএসসি অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের বাংলাদেশ শাখার মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের আনাস্তাসিয়া বাজেনোভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তাঁরা আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

এরপর অনুষ্ঠিত হয় প্রাণবন্ত ভাষা বিনিময় পর্ব। এতে বাংলাদেশি ও রুশ শিক্ষার্থীরা একে অপরের ভাষার বিভিন্ন শব্দ ও বাক্য শেখার পাশাপাশি নিজেদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন। এতে অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানে তৈরি হয় প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ।

পরবর্তী আলোচনা পর্বে বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি পারমাণবিক শক্তি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাও উঠে আসে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চা-চক্রের আড্ডা। এ সময় দুই দেশের শিক্ষার্থীরা নিজেদের সংস্কৃতি, দৈনন্দিন জীবন, শিক্ষা ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে সরাসরি মতবিনিময় করেন। আনুষ্ঠানিক আলোচনার বাইরে এ অনানুষ্ঠানিক আড্ডা শিক্ষার্থীদের মধ্যে সহজ ও আন্তরিক যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি করে।

আয়োজকেরা জানান, এ ধরনের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও বোঝাপড়া আরও গভীর হবে। পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দুই দেশের তরুণদের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!