ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুকুরে মাছ ধরতে নেমে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ৭ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে মাছ ধরতে নেমে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।

নিহত শিশুরা হলো চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) ও খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামে নানি লতিফা খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহত শিশুদের জ্যাঠা আবু বক্কর জানান, আজ সকাল ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু ছেড়া মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে যায়।

পরে দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন সিয়ামের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুকুর থেকে প্রথমে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। এরপর পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!