সিরাজগঞ্জে বালুবোঝাই বলগেট ডুবে দুজন নিখোঁজ
সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবোঝাই বলগেট ডুবে দুই দিন ধরে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সোমবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া নামক স্থানে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শ্রমিক হলেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কাশিম নগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে শ্রমিক ফয়সাল (১৯) ও বলগেটের ইঞ্জিন মিস্ত্রী নোয়াখালী জেলার মাইজদী উপজেলার আন্তার চরের লোকমান হোসেন মৃধার ছেলে মোরশেদ (২৫)।
.png)
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক শরীফুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় যমুনা নদীতে বালুবোঝাই একটি বলগেট ডুবে যায়। এতে বলগেটে থাকা চার শ্রমিকও নদীতে ডুবে যান। দুজন সাঁতরে পাড়ে উঠলেও অপর দুই শ্রমিক নিখোঁজ হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে পানির গভীরে যাওয়া যাচ্ছে না। গতকাল রোববার সারা দিন চেষ্টা করেও নিখোঁজ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু হয়েছে।
উপপরিচালক আরো বলেন, বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় নদীতে তীব্র স্রোত রয়েছে। স্রোতের কারণে বালুবোঝাই বলগেট ডুবে যায়। ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুই শ্রমিক বলগেটের ইঞ্জিন রুমে আটকে থাকতে পারেন। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে নিচে নামা সম্ভব হচ্ছে না। বলগেটে থাকা বালু আনলোড করলে ওপরে ওঠানো সম্ভব। আশা করছি, আজ তাদের উদ্ধার করতে পারব।