ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস মারা গেছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস মারা গেছেন
প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক সংবাদের বার্তা পরিবেশক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিজ বাসায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক মেয়ে, নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement

পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় এক মাসেরও বেশি সময় ধরে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন আব্দুল কুদ্দুস। এর আগে গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে কয়েক দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর কিছুটা সুস্থ হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। এরপর এক মাস আট দিন বাসায় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

আব্দুল কুদ্দুসের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, শুক্রবার বাদ জুমা পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ওই কবরস্থানেই তাকে দাফন করা হবে।

আব্দুল কুদ্দুস দৈনিক সংবাদ-এর বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমৃত্যু দায়িত্ব পালন করেন। সিরাজগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার শান্তি কামনা করে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!