ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওর থেকে মাটি কেটে ঢাকায় পাচার, জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬
হাওর থেকে মাটি কেটে ঢাকায় পাচার, জরিমানা
জব্দকৃত মাটির জাহাজ। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নদীপথে ঢাকায় পাচারের সময় প্রায় ২০ হাজার ঘনফুট মাটিসহ একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জাহাজটির এক কর্মচারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজারের জেটিঘাটে অভিযান চালিয়ে ‘এমবি শাহ ফতুল্লাহ (১২)’ নামের জাহাজটি জব্দ করা হয়। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে জাহাজে থাকা মাটি নিলামে বিক্রি করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া হাওরের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নদীপথে একটি জাহাজে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। খবর পেয়ে বিআইডব্লিউটিএ ও উপজেলা প্রশাসনের যৌথ দল অভিযান চালিয়ে জাহাজটি আটক করে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাটিভর্তি জাহাজটি জব্দ করা হয়। জাহাজটির নিবন্ধন নম্বর এম-০১-৪৫০৩।

পরে ভ্রাম্যমাণ আদালতে অনুমতি ছাড়া ফসলি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে জাহাজটির কর্মচারী মো. শামীম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এদিকে জব্দ করা মাটি বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে নিলামে বিক্রি করা হয়। নিলাম থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ঢাকায় পাচারের সময় মাটিভর্তি জাহাজটি জব্দ করা হয়। অনুমতি ছাড়া মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাটি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!