লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নাটোরের লালপুরে দাঁত ব্রাশ করতে করতে সড়কে হাঁটার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রহিমপুর গ্রামে নিজ বাড়ির সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী লালপুর উপজেলার উদনপাড়া গ্রামের মৃত জোড়ান আলীর ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাদেক আলী দাঁত ব্রাশ করতে করতে বাড়ির সামনে পাকা সড়কে হাঁটছিলেন। এ সময় বাঘা থেকে কুষ্টিয়াগামী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে যান।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সৎকারের জন্য ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।