ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বান্দরবানে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত ২

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ৫ অক্টোবর ২০২৬
বান্দরবানে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত ২
বান্দরবানের থানচীর ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে খাদে পড়ে যায় পর্যটকবাহী চাঁদের গাড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানের থানচীতে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কের টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে যাচ্ছিল পর্যটকবাহী চাঁদের গাড়িটি। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দুই পর্যটক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা উদ্ধার অভিযান শুরু করে আহত পাঁচজনকে উদ্ধার করেন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানচী থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) আরও জানায়, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও বিজিবির পক্ষ থেকে তদারকি করা হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!