গোয়ালন্দে বালুবাহী ৬ ট্রাক উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা
রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে ভেজা বালু ও ত্রিপল ছাড়া খোলা ট্রাকে বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ছয়টি বালুবাহী ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। পরে মুচলেকা নিয়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট এলাকার বিভিন্ন বালুর চাতাল থেকে ত্রিপল ছাড়া ও ভেজা বালু ড্রাম ট্রাকে করে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে পরিবহন করা হচ্ছে। খোলা ট্রাকে বালু পরিবহনের সময় সড়কে বালু পড়ে ধুলাবালির সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্নের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, দৌলতদিয়া ঘাট এলাকার বালুর চাতাল ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও অনেকে নিয়ম না মেনে খোলা ট্রাকে ভেজা বালু পরিবহন করে আসছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, ত্রিপল ছাড়া খোলা ট্রাকে ভেজা বালু পরিবহনের ফলে সড়কে বালু পড়ে ধুলাবালির সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন করা যাবে না।
তিনি আরও বলেন, সড়কে বালু-মাটি পড়ে যাতে পরিবেশ ও জননিরাপত্তার সমস্যা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। নিয়ম অমান্য করে কেউ বালু বা মাটি পরিবহন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উদ্ধার করা ছয়টি ট্রাকের মালিক বা সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি তাদের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ভবিষ্যতে নির্ধারিত নিয়ম মেনে চলার অঙ্গীকারের পর ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।
মুচলেকায় চাতাল ব্যবসায়ীদের পক্ষ থেকে ভবিষ্যতে ভেজা বালু বা মাটি পরিবহন না করা, মানসম্মত ত্রিপল ছাড়া বালু-মাটি বহন না করা, লাইসেন্সবিহীন চালক দিয়ে গাড়ি না চালানো, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো পরিবহন ব্যবহার না করা এবং হেলপার দিয়ে গাড়ি না চালানোর অঙ্গীকার করা হয়। একই সঙ্গে প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার কথাও উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান, মহাসড়কে খোলা ট্রাকে বালু পরিবহনের কারণে প্রায়ই সড়কের ওপর বালু পড়ে থাকে। এতে ধুলাবালির পাশাপাশি মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে দৌলতদিয়া ঘাটের বালুর চাতাল ও পরিবহন ব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।