ময়লার কনটেইনারের চাপায় কেসিসির চালক নিহত
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) চালক আব্দুস সালাম (৪৮) ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউজ এলাকায় কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম লবণচরা থানাধীন নিজ খামার এলাকার বাসিন্দা। তিনি মেসের আহম্মেদের ছেলে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কেসিসির চালক আব্দুর বারেক গ্যারেজ থেকে একটি ময়লার কনটেইনারবাহী গাড়ি বের করছিলেন। এ সময় পাশে থাকা অপর চালক আব্দুস সালাম অন্য একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। গাড়িটি বের করার সময় তিনি দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। তার চিৎকার শুনে গ্যারেজে থাকা লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেসিসির যান্ত্রিক শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিমুল আজাদ বলেন, খবর পেয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে গিয়ে জানতে পারেন, কেসিসির চালক আব্দুর বারেক ময়লার কনটেইনারবাহী গাড়িটি গ্যারেজ থেকে বের করার সময় পাশে থাকা অপর চালক আব্দুস সালাম চাপা পড়েন। নিহত আব্দুস সালাম ও গাড়িচালক আব্দুর বারেক—দুজনই কেসিসির চালক পদে কর্মরত।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তার জানা নেই। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।