ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
লালপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও লুটপাটের অভিযোগ
নাটোরের লালপুরে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং প্রায় ১৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন মোছা. রেহানা খাতুন (৫৫)। তিনি অভিযোগকারী ব্যবসায়ী মো. শাহীন আলমের মা।
বুধবার (২১ অক্টোবর) বেরিলাবাড়ি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শাহীন আলম। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে শাহীন আলম বলেন, তার চাচা ফারুক হোসেন ও মহিবুর আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আগে হুমকি পাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
তার অভিযোগ, গত ৮ অক্টোবর পরিবারের সদস্যদের নিয়ে আদালতে হাজিরা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন বেরিলাবাড়ি জামতলা মোড়ের মেসার্স জামতলা স্টোর ও তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘর ও দোকান ভাঙচুর করা হয়। হামলাকারীরা নগদ ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে যায় বলে দাবি করেন তিনি।
শাহীন আলম আরও অভিযোগ করেন, হামলায় বাধা দিতে গেলে তার মা রেহানা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার ১৭ দিন পার হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন শাহীন আলম। উল্টো মামলা তুলে নিতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শাহীন আলম।