ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিআরটি বাতিলের উদ্যোগের প্রতিবাদে গাজীপুরে মহাসড়কে অবস্থান

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ২২ অক্টোবর ২০২৬
বিআরটি বাতিলের উদ্যোগের প্রতিবাদে গাজীপুরে মহাসড়কে অবস্থান
বিআরটি বাতিলের প্রতিবাদে মহাসড়কে অবস্থান

গাজীপুরে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের উদ্যোগের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছেন সচেতন নাগরিক ঐক্যের নেতাকর্মীরা। 


 বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত এ কর্মসূচি থেকে প্রয়োজনীয় সংস্কার শেষে ১৮৭টি বাস কিনে দ্রুত প্রকল্পটি চালুর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান।
কর্মসূচিতে আলী নাছের খান বলেন, বিআরটি প্রকল্পের মাত্র ৩ শতাংশ কাজ বাকি রয়েছে। প্রয়োজনীয় কাজ শেষ করে ১৮৭টি বাস কেনার জন্য প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় করলেই প্রকল্পটি চালু করা সম্ভব। অথচ প্রকল্পটি বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ঠিকাদারি ও পরিবহন খাতের স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী এবং রাজনৈতিক প্রভাবের কারণে প্রকল্পটি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কিছু নেতার বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
আলী নাছের খান বলেন, বিআরটি প্রকল্প নির্মাণে ১৪ বছর লেগেছে। এখন এটি ভেঙে নতুন করে ছয় লেনের সড়ক নির্মাণ করা হলে আরও কয়েক বছর সময় লাগতে পারে। এতে গাজীপুরবাসীর যানজটের দুর্ভোগ বাড়বে এবং শিল্পাঞ্চলটির বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী তিন থেকে চার মাসের মধ্যে বিআরটি প্রকল্প চালু করা। অন্যথায় ধারাবাহিক প্রতিরোধ কর্মসূচি পালন করা হবে।


 

 

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!